রাজশাহীতে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২২:০৫

রাজশাহী সিটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন আশারিয়া রাব্বিকে (১৯) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে মহানগরীর বোয়ালিয়া থানার বর্ণালী এলাকায় এ ঘটনা ঘটে। সে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মমিনপুর গ্রামের মোজাফফর আলীর ছেলে। গত ৩১ জুলাই রাব্বি লাইলী কটেজ ছাত্রাবাস থেকে হেতেমখাঁ মোন্তাসিরের ছাত্রাবাসে ওঠে। পুলিশ ভোর ৬টায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) মর্গে পাঠায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, ভোরে মেস থেকে বের হয়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন রাব্বি। যাওয়ার পথে বর্ণালী এলাকায় তার মাথার পিছন দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এতে অতিরিক্ত রক্তক্ষরণে সে ঘটনাস্থলেই মারা যায়।