কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২২:০৬

আসন্ন কোরবানির ঈদে পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। ঢাকায় প্রতি বর্গফুট গরুর কাঁচা চামড়া ৪৫ থেকে ৫০ টাকা, ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সারাদেশে প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১৩ থেকে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও একই দর ছিল।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ দাম নির্ধারণ করা হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশর সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদ, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্সেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী মো. দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক এবং স্থানীয় কাঁচা চামড়ার বাজারদর বিবেচনায় নিয়ে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, কোরবানির চামড়া গরিবের হক। তারা যেন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখতে হবে। 

বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির চামড়া যাতে পাচার না হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসাবে এবার ঈদুল আজহায় ১ কোটি ১০ লাখ পশু কোরবানি হতে পারে। এর মধ্যে ৪৫ লাখ ৮২ হাজার গরু-মহিষ, ৭২ লাখ ছাগল-ভেড়া এবং ৬ হাজার ৫৬৩টি অন্যান্য পশু। বর্তমানে দেশে কোরবানিযোগ্য গবাদিপশু রয়েছে প্রায় ১ কোটি ১৮ লাখ।