নবাবগঞ্জে বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০০:০৫

আড়াইহাজারে হত্যা মামলায় চার জন গ্রেফতার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার নবাবগঞ্জে নুরুল হক (৭৫) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছেন তার স্ত্রী রাজিয়া বেগম। মঙ্গলবার দুপুরে নিহতের ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের গলায় দাগ ছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মেজ ছেলে সিরাজ, ছোটো মেয়ের জামাই রওশন ও নাতি ইব্রাহীমকে আটক করেছে পুলিশ।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি হত্যা মামলায় একই পরিবারের চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে নরসিংদীর শেখেরচর এলাকা থেকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—উপজেলার চৌথার আখড়পাড়া গ্রামের আলাউদ্দীন এবং তার তিন মেয়ে যথাক্রমে সুমি আক্তার, শেলিনা বেগম এবং শিরিনা আক্তার।

আড়াইহাজার থানার এসআই সিরাজ জানান, গত ১৫ জুলাই বিকালে উপজেলার চৌথার আখড়পাড়া গ্রামে একটি পুকুরপাড়ের কাছ থেকে একই উপজেলার মারুয়াদী গ্রামের মৃত আম্বর আলীর ছেলে রাজ মিস্ত্রি শাহ আলমের (৩২) লাশ উদ্ধার করা হয়। স্থানটি ছিল নিহতের শ্বশুরবাড়িসংলগ্ন একটি পুকুর পাড়। বিষয়টি প্রথমে আত্মহত্যা বলে ধরে নিলেও পরে নিহতের মাতা মমতাজ বেগম বাদী হয়ে নিহতের শ্বশুর আলাউদ্দীন, স্ত্রী সুমি আক্তার, শ্যালিকা শেলিনা ও শিরিনাসহ ছয় জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।