গাবতলী হাটে ৩০ মণ ওজনের সেই ‘টাইগারের’ মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০০:১১

এবারও বিশালাকৃতির কোরবানির পশু এসেছে রাজধানীর গাবতলীর পশুর হাটে। কালাবাবু, যুবরাজ, ভাগ্যরাজ, রাজা বাবু, জনসিনা, বাহাদুর, মেসি, পালসার, বস, টাইটানিকদের মতো এসেছিল মেহেরপুরের ‘টাইগারও’। গাবতলী পশুর হাটে তীব্র গরমে প্রায় ৩০ মণ ওজনের টাইগার স্ট্রোক করে মারা গেছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে গাবতলী পশুর হাটে গরুটি মারা যায়। টাইগার নামে ডাকা গরুটি লালনপালন করেছেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কেশবনগর গ্রামের আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক জানান, ৮-১০ লাখ টাকায় বিক্রির আশায় গরুটি নিয়ে গাবতলীতে এসেছিলেন তিনি। সকালেও গরুটি ভালো ছিল। দুপুরে গোসল করানোর পর হঠাত্ দেখি গরুটি হাঁসফাঁস করছে, চোখের মণি উলটে গেছে। এরপর গরুটি মাটিতে পড়ে যায়। অসুস্থ হওয়ার ৫ মিনিটের মধ্যেই টাইগার নামের গরুটি মারা যায়। প্রায় দেড় বছর আগে ১ লাখ ৭২ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলেন আব্দুর রাজ্জাক। ৫ লাখ টাকায় ব্যাপারীরা গরুটি বাড়িতে থাকা অবস্থায় কিনতে চেয়েছিল। কিন্তু বেশি দামের আশায় টাইগারকে গাবতলী নিয়ে এসেছিলেন তিনি। আব্দুর রাজ্জাক গরুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন।