রাজধানীর কদমতলীতে একটি গ্যাস লাইট তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ দুইজনকে দেখতে হাসপাতালে গেছেন স্বাস্থ্যমন্ত্রী।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দগ্ধদের চিকিৎসার অগ্রগতি ও সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নিতে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে আসেন। এই সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন।
মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ দুজন হলেন মো. আসিফ (১৪) ও মোহাম্মদ জসিম (১৭)।
শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে কদমতলীর ওই কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

