সাংবাদিক মুশফিক সুনামগঞ্জ থেকে উদ্ধার

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০০:১৫

ঢাকার গুলশান থেকে নিখোঁজ মোহনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমানকে সুনামগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার গৌবিন্দপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে সুনামগঞ্জ সদরের গৌবিন্দপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে বাঁচাও বাঁচাও বলে চিত্কার করে দৌড়াচ্ছিলেন মুশফিকুর রহমান।

এ সময় গ্রামের মসজিদের ইমাম তাকে আশ্রয় দিয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন। পরে সদর থানার এসআই জিন্নাতুল ইসলাম ও মোহনা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিত্সা করান। মুশফিকুর রহমানের শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার এসআই মো. জিন্নাতুল ইসলাম বলেন, ‘মুশফিকুরকে গৌবিন্দপুর এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কেউ অপহরণ করে এখানে ফেলে রেখে গেছে।’ তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরবোয়ালী এলাকায়।

মুশফিকুর রহমান বলেন, ‘৩ আগস্ট গুলশান গোল চত্বরের একটি হোটেলে তার মামার সঙ্গে নাস্তা খান। এরপর মিরপুরে নিজের বাসায় যাওয়ার জন্য বাসে ওঠেন। কিন্তু বাসে ওঠার পর তিনি বুঝতে পারেন যে, বাসটি মিরপুরের নয়। একপর্যায়ে বাসের লোকজন তার মুখে পানি জাতীয় কিছু স্প্রে করে। এরপর তিনি আর কিছু বলতে পারেননি। জ্ঞান ফিরলে মুশফিক বুঝতে পারেন, তাকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা তাকে অনেক মারপিট করেছে। মারপিটের একপর্যায়ে গুলি করে হত্যা করার হুমকি দেয়। পানি খেতে চাইলে অপহরণকারীরা তাকে পানি খেতে দেয়নি। গত কয়েক দিনে তাকে কেক ও পেয়ারা খেতে দেওয়া হয়েছে। ’