মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অশালীন হুমকির পর ফের বেড়েছে তেলের দাম। ট্রাম্প হুমকি দেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি না দেয়, তবে দেশটির অবকাঠামো ধ্বংস করা হবে। মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির পরপরই বৈশ্বিক তেলের দাম আবার ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে।
এশিয়ার বাজারে সোমবার (৬ এপ্রিল) সকালে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ১.৬% বেড়ে ১১০.৮৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ০.৮% বেড়ে ১১২.৪০ ডলারে পৌঁছেছে।
গত রোববার সোশাল মিডিয়ায় অশালীন ভাষায় একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে লিখেন, মঙ্গলবারের মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালাবে।
ট্রুথ সোশালে ট্রাম্প আরও লিখেছেন, মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস—সব একসাথে, ইরানে। এর মতো কিছু আর হবে না!!! ওই অভিশপ্ত প্রণালি খুলে দাও পাগল বেজন্মার দল, নইলে নরকে বাস করতে হবে—দেখে নিও! আল্লাহর কাছে দোয়া করো। প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।
কয়েক ঘণ্টা পরে একই প্লাটফর্মে তিনি লেখেন, মঙ্গলবার, রাত ৮টা (ইস্টার্ন টাইম)!
তবে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, সোমবার একটি চুক্তি হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। তবে দ্রুত সমঝোতা না হলে তিনি ‘সবকিছু উড়িয়ে দিয়ে তেলের নিয়ন্ত্রণ নেওয়ার’ বিষয় বিবেচনা করছেন বলে জানিয়েছেন।

আরও বিধ্বংসী প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের