দাউদকান্দি মহাসড়কে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৯

কুমিল্লার দাউদকান্দি উপজেলার রাজারহাট থেকে গৌরীপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ভোর চারটা থেকে এই যানজট শুরু হয়। এদিকে যানজটে আটকে থেকে যাত্রী, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের পর থেকেই যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়তে থাকে। একপর্যায়ে রাজারহাট থেকে গৌরীপুর পর্যন্ত সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অন্যতম ব্যস্ত এ মহাসড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। 

এদিকে সরেজমিনে আজ সকাল সাড়ে নয়টার দিকে গৌরীপুর বাসস্ট্যান্ডে কথা হয় চিকিৎসক মোহাম্মদ হাফিজ সরকারের সঙ্গে। তিনি জানান, সকাল ছয়টায় ঢাকা থেকে রওনা দিয়ে রাজারহাট এলাকায় এসে যানজটে পড়েন। পাঁচ মিনিটের পথ পার হতে দেড় ঘণ্টার বেশি সময় লেগেছে। কোনো দৃশ্যমান কারণ ছাড়াই প্রায়ই এ স্থানে এমন ভোগান্তিতে পড়তে হয়।

এমন যানজটের কারণ জানতে চাইলে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, যানবাহনের চাপ এবং এলোমেলোভাবে যানবাহন চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

তবে সকালে দায়িত্ব শেষ করে হাইওয়ে পুলিশ সদস্যরা সরে যাওয়ার পর অনেক চালক মহাসড়কের উল্টো লেনে গাড়ি চালাতে শুরু করেন স্থানীয় একাধিক বাসিন্দা ও চালকদের অভিযোগ। এতে যানজটের তৈরি হয়।

 

ইত্তেফাক/এনটিএম