বুথের ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীকে খুন

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৪:৪১

গাজীপুরে এটিএম বুথের ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীকে খুন করা হয়েছে। মহানগরীর বোর্ডবাজারে এবি ব্যাংকের বুথে বুধবার ভোরে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার চর পূবাইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মিলিনিয়াম কর্টিজ সিকিউরিটি বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকুরি করতেন এবং বোর্ড বাজারে এবি ব্যাংকের শাখায় এটিএম বুথে দায়িত্ব পালন করছিলেন।

গাছা থানার ওসি মোঃ ইসমাইল হোসেন জানান, বোর্ড বাজারস্থ এবি ব্যাংকের বুথে ঢুকে এক অজ্ঞাত দুর্বৃত্ত সিকিউরিটি নাইটগার্ড জাহাঙ্গীর আলমকে চাকু দিয়ে নাক, মুখ, গলা, পেট কেটে ও কুপিয়ে খুন করে পালিয়ে যায়। এতে নিহতের নাড়ি ভুড়ি বের হয়ে যায়। হত্যাকারীর পরনে লুঙ্গি ও মুখ গামছা দিয়ে ঢাকা ছিল।

আরও পড়ুন: ট্রাম্প ‘আন্তর্জাতিক ডাকাত’: ভেনিজুয়েলা

সকালে এক গ্রাহক বুথে টাকা তুলতে গেলে আলমের রক্তাক্ত লাশ ভেতর পড়ে থাকতে দেখেন। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

হত্যাকারী বুথ থেকে কোন টাকা-পয়সা বা অন্য কোন কিছু নেয়নি। ব্যাংকের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে হত্যাকারীকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

ইত্তেফাক/আরকেজি