গাইবান্ধার পলাশবাড়ীতে জ্বালানি তেল নিতে গিয়ে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা শহরের বাঁশকাটা এলাকায় মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। আটক রেজওয়ান পলাশবাড়ী উপজেলা শহরের মহেশপুর এলাকার আজহার আলীর ছেলে।
আহতরা হলেন- কাওসার আলী (২৫), জাহিদ হাসান (২৩) ও সিহাব (২২)। আহতদের মধ্যে কাওসার ও জাহিদকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিহাবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রোল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানোর সময় দু’টি মোটরসাইকেলের মধ্যে ধাক্কা লাগে। এই বিষয়টিকে কেন্দ্র করে রেজওয়ানের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে কাওসার, জাহিদ ও সিহাব আহত হয়। পরে স্থানীয়রা তাদের পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। সাময়িক বন্ধ রাখার পর জ্বালানি তেল সরবরাহ শুরু করা হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম জানান, ঘটনার পর পাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িত রেজওয়ান নামে এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
