সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চার মৌয়ালকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এই খবর পেয়ে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর আগে গত ৬ এপ্রিল রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে মৌয়ালদের একটি নৌকাডুবির ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার মধ্যে মধু সংগ্রহের সময় মৌয়ালদের বহনকারী একটি নৌকা রাত নয়টার দিকে ঝড়ে ডুবে যায়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
ভাসতে ভাসতে পরদিন মঙ্গলবার সন্ধ্যার দিকে হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় পৌঁছালে চার মৌয়ালকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃহস্পতিবার রাত আটটার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসা হয়। পরে রাত নয়টার দিকে স্বজনেরা এসে তাদের বাড়িতে নিয়ে যান।
অন্যদিকে নিখোঁজ রয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা আকবর মোল্লা, ওলিউর রহমান, মিকাইল হোসেন ও ইকরামুল কবির।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল রহমান জানান, ১ এপ্রিল বৈধ পাস নিয়ে আটজন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার রাতে ঝড়ে তাদের নৌকা ডুবে যায়। পরে অভিযান চালিয়ে চারজনকে উদ্ধার করা হলেও বাকিদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, নিখোঁজদের খোঁজে বন বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট থানা, কোস্টগার্ড ও বিজিবিকে অবহিত করা হয়েছে।

