তিশার ‘শুনতে কি পাও’

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৮:৫১

অভিনেত্রী তানজিন তিশা। অভিনয় দক্ষতা দিয়ে এরইমধ্যে দর্শকদের হূদয়ে স্থান করে নিয়েছেন তিনি। তাঁর অভিনীত নাটকগুলো কিছুটা রোমান্টিক ঘরানার হয়ে থাকে। এবার ভালোবাসার গল্প নিয়ে নির্মিত আরো একটি নাটকে অভিনয় করলেন তিশা। তবে পূর্বের রোমান্টিক গল্পের নাটকগুলো থেকে এবারের নাটকটি কিছুটা ভিন্ন। নাটকের নাম ‘শুনতে কি পাও’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে তিশার বিপরীতে দেখা যাবে অপূর্বকে।

ভালোবাসার গল্প নিয়ে নির্মিত নতুন এ নাটকটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘নানাভাবে দু’জন মানুষের হূদয়ের সম্পর্ক গড়ে ওঠে। কখনো তা হয়ে ওঠে পারিবারিক সংঘাতের, কখনো ভুল বোঝাবুঝি নিয়ে মনের টানাপোড়েনের। আবার কখনো ত্যাগের মধ্য দিয়েও ভালোবাসার প্রকাশ দেখা যায়। যে জন্য ভালোবাসার গল্প নানাভাবে দর্শকের সামনে ধরা দেয়। শুনতে কি পাও নাটকের গল্প আমার আগের নাটকগুলো থেকে একেবারে আলাদা। অন্তত নাটক দেখার পর দর্শকরা তা স্বীকার করবেন।’ নির্মাতা জানান, কাব্য ও রায়া নামের শিক্ষক ও ছাত্রীর ভালোবাসা নিয়ে এ নাটকের গল্প। তাঁদের আগে থেকেই পরিচয় ছিল। এক সময় কাব্যের একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি হয়। ঘটনাক্রমে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী হয় রায়া। কিন্তু কাব্য শিক্ষকতার জায়গা থেকে রায়াকে ভালোবাসার কথা বলতে পারে না। তাই এক সময় বাধ্য হয়ে কাব্য চাকরি ছেড়ে দিয়ে রায়াকে তাঁর ভালোবাসার কথা জানায়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে এই নাটকটি।

ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে এটি।