ঈদের অষ্টম দিন
চ্যানেল:এটিএন বাংলা
সময়:রাত ১০টা ৩০ মিনিট
ঈদুল আজহা উপলক্ষে এ বছর ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রতিবছর প্রচার হয়ে আসছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজে রে’। এবারের অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের অষ্টম দিন রাত ১০টা ৩০ মিনিটে। খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় বর্ণাঢ্য আলো ঝলমলে সেটে জমকালো পরিবেশনা আর ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠানটি। ঈদ মানে সবার মাঝে আনন্দ বিলিয়ে দেওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। যুগে যুগে এই ঈদ উদযাপনে এসেছে নানা পরিবর্তন। ঈদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দের নাম। তাই বিনোদনের চাহিদা থাকে অনেক বেশি। দর্শকদের ব্যাপক বিনোদনের কথা চিন্তা করে সাজানো হয়েছে ‘ঈদের বাজনা বাজে রে’ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে সংগীতশিল্পী ঐশি, কর্নিয়া ও রেশমি ও তাদের ব্যান্ড। বিশেষ প্যারোডি গান পরিবেশন করেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা কাজল। ঈদ সংশ্লিষ্ট বিভিন্ন সমসাময়িক ও হাস্য-রসাত্মক বিভিন্ন স্কিট দিয়ে সাজানো হয়েছে ঈদের বাজনা বাজে রে। এসব স্কিটে অভিনয় করেছেন শফিক খান দিলু ,মাহবুবুর রহমান টনি, জাহিদ শিকদার, আশরাফ কবির, নয়ন, লিটন খন্দকার, হায়দার আলী, নূরুন্নবী রাসেল, চঞ্চল সৈকত, সুলতানা চৌধুরী, দ্বিপান্বিতা, তারিকুজ্জামান তপনসহ অনেকে। অনুষ্ঠানটির প্রধান সমন্বয়কারী আরিফুল ইসলাম, গ্রন্থনা করেছেন সজল আমিন এবং প্রযোজনা করেছেন মুকাদ্দেম বাবু।
