পরিবহন ধর্মঘটে অ্যাম্বুলেন্স আটকে নিহত শিশুর লাশ উত্তোলন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:০১

মৌলভীবাজারের বড়লেখায় পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটে অ্যাম্বুলেন্স আটকে রাখায় ৭দিন বয়সী কন্যাশিশুর মৃত্যুর ৩৮ দিন পর কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে শিশুটির লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গত ২৮ অক্টোবর বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকায় এই ঘটনার ৩দিন পর (৩১ অক্টোবর) শিশুর চাচা আকবর আলী বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ে ১৬০ থেকে ১৭০ জন শ্রমিককে আসামি করে একটি মামলা (নং-১৮) করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম সুষ্ঠু তদন্তের স্বার্থে শিশুটির লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্তের জন্য গত ৫ নভেম্বর বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাস কুমারের আদালতে আবেদন করেন। তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ নভেম্বর আদালত এক আদেশে শিশুটির লাশ কবর থেকে উত্তোলনের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বিজ্ঞ জেলা হাকিম মৌলভীবাজারকে বলেন। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে গত ২২ নভেম্বর জেলা প্রশাসক কার্যালয় থেকে বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শরীফ উদ্দিনকে লাশ উত্তোলনের সময় উপস্থিত থাকার জন্য নিয়োগ করা হয়।

আরো পড়ুন: এইডস রোগী ডুবে মরায় লেকের পানি বদল!

শিশুর লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম বলেন, ‘নির্বাহী হাকিমের উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে শিশুর লাশটি কবর থেকে তোলা হয়েছে। তার পরিবারের লোকজনও উপস্থিত ছিলেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/বিএএফ