পান্তের প্রশংসায় পঞ্চমুখ কোহলি

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:০৫

হোয়াইট ওয়াশ

হলো উইন্ডিজ

 স্পোর্টস রিপোর্টার

শেষ ৩৬ বলে ৫২ রান দরকার ছিলো ভারতের। উইকেটে ছিলেন বিরাট কোহলি ও ঋষভ পান্ত। কিন্তু কোহলি নন, এখান থেকে ভারতকে ৫ বল হাতে রেখে জয় এনে দিলেন পান্ত। ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জিতলো ভারত। এই জয়ের ভেতর দিয়ে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করাও নিশ্চিত করলো বিরাট কোহলির দল। ম্যাচশেষে তাই কোহলি মাতলেন পান্টের বন্দনায়। প্রথম দুই ম্যাচ রান না পাওয়া এই তরুণ যেভাবে ম্যাচ শেষ করে এসেছেন, তাকে অসাধারণ বললেন ভারতীয় অধিনায়ক। গায়নায় আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ১৪৬ রান করেছিলো সিরিজের তৃতীয় ম্যাচে। ১৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর কিয়েরন পোলার্ড ও রভম্যান পাওয়েল এনে দেন লড়াই করার মতো স্কোর। পোলার্ড ৪৫ বলে ৫৮ রান করেন। আর পাওয়েল ২০ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে দীপক চাহার ৩ ওভারে ৪ রান দিয়ে ৩ উইকেট নেন।

জবাবে ভারতেরও শুরুটা ভালো হয়নি। ২৭ রানে হারিয়ে ফেলে তারা ২ উইকেটে। এরপর তাদের বিশাল একটা জুটি এনে দেন কোহলি ও পান্ত। কোহলি ৪৫ বলে ৫৯ রান করে ফিরে আসেন। কিন্তু পান্ত ৪২ বলে ৬৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

ম্যাচশেষে পান্তের প্রশংসা করতে গিয়ে কোহলি বলছিলেন, ‘আমরা পান্তের মধ্যে এমন একজন ভবিষ্যত্ তারকাকেই খুঁজছিলাম।’

কোহলি বলেছেন, প্রথম দুই ম্যাচে রান করতে না পারার পর পান্ত নিজেই হতাশ ছিলেন। এরপর নিজেই সেখান থেকে দারুণ খেলে বের হয়ে এসেছেন, ‘প্রথম দুই ম্যাচে ও খুব হতাশ ছিলো। কারণ, ও কোনো রান পাচ্ছিলো না। কিন্তু ও সত্যিই ভালো খেলছিলো, বল ভালো মারছিলো। কিন্তু টি-টোয়েন্টি এমনই। সবসময় ভাগ্য আপনার পক্ষে থাকবে না। কিন্তু আজ সে নিজেকে দারুণ করে প্রমাণ করেছে। সে নিজের স্কিল অনুযায়ী ব্যাট করেছে এবং যখন প্রয়োজন বড়ো শট খেলে নিজেই নিজেকে সমর্থন করে গেছে। সে দলের রানের গতিটা ধরে রাখতে পেরেছে।’

 গোগুড়ি থেকেই পান্তের ব্যাটিংয়ে সন্তুষ্ট কোহলি বলছিলেন, সে যেভাবে আইপিএল খেলে, তাতে তাকে আরেকটু সময় দিলে সে বড়ো তারকা হয়ে উঠবে, ‘তার স্কিল ও প্রতিভা আছে। কিন্তু এই ধরনের ম্যাচ জেতানো এবং শেষ করে আসতে পারাটা ওকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে। সে নিজেও এরকম একটা ইনিংস খেলতে চাচ্ছিলো। আসলে ব্যাপারটা হলো, ওকে আন্তর্জাতিক ক্রিকেটে সহজ হয়ে ওঠার জন্য আরেকটু সময় দিতে হবে। আমরা ওর ওপর খুব একটা চাপ দিতে চাই না। কারণ, ও আইপিএলে যে ধরনের খেলা খেলে, তা ওর পক্ষে কথা বলে।’

তবে কোহলি এটাও স্বীকার করলেন যে, আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত রান পেতে চাইলে আইপিএলের চেয়ে ভিন্ন কিছুই এখানে করতে হবে। পান্তের মধ্যে ভারতের ভবিষ্যত্ দেখতে পাওয়া কোহলি বলছিলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে আপনাকে চাপটা একটু ভিন্নভাবে সামলাতে হবে। এখানে একেবারে ভিন্ন ধরনের একটা পরিবেশে খেলতে হয়। সে শুরু করার পর অনেকদূর এসেছে। সে যদি এরকম নিয়মিত খেলে, আমরা তার মধ্যে ভারতের ভবিষ্যত্ হয়ে ওঠার সম্ভাবনা দেখি।’