স্পোর্টস ডেস্ক
নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে শ্রীলঙ্কা দলে ফিরলেন দিনেশ চান্ডিমাল। দুই স্পিনার আকিলা ধনঞ্জয়া ও দিলরুয়ান পেরেরাও ফিরেছেন। আগামী ১৪ আগস্ট গলে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজ জন্য আজ ২২ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার দানুসকা গুনাথিলাকা এবং ফাস্ট বোলার লাহিরু কুমারার সাথে দুই নতুন মুখ ব্যাটিং অলরাউন্ডার শেহান জয়সুরিয়া এবং ফাস্ট বোলার আসিথা ফার্নান্দো। পরবর্তীতে ছাঁটাই করে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে লঙ্কান বোর্ড।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ মিস করা সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজও ফিরেছেন দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্বল পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পাওয়া সিরিজে দল থেকে বাদ পড়েন চান্ডিমাল। তবে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করে আবার দলে ফিরলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজে দল থেকে বাদ পড়েছিলেন দিলরুয়ানও। তিনিও ঘরোয়া ক্রিকেটে ভালো করে আবার দলে জায়গা করে নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকলে দলে জায়গা হারিয়েছেন ২০১৬ সালের ডিসেম্বরে নিজের সর্বশেষ টেস্ট খেলা মিলিন্দা সিরিবর্ধনে। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় দলে ফিরেছেন ধনঞ্জয়া। এ বছরের শুরুর দিকে নিজের বোলিং অ্যাকশন শুধরানোর পর দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলেন তিনি।
এসএলসির দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য ২২ সদস্যের দলকে অনুমতি দিয়েছেন ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দো। ১৫ সদস্যের চূড়ান্ত দল পরবর্তীতে ঘোষণা করা হবে।’
আসন্ন দুই ম্যাচের সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। আগামী ১৪ আগস্ট গলে এবং ২২ আগস্ট কলম্বোর পি সারা ওভালে যথাক্রমে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।
১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে মোট ১৫টি টেস্ট খেলেছে নিউজিল্যান্ড। যার মধ্যে সফরকারীরা জিতেছে চারটি, হেরেছে ছয়টি এবং ড্র করেছে পাঁচটি। আইসিসি টেস্ট র্যাংকিংয়ে নিউজিল্যান্ড বর্তমানে দ্বিতীয় ও শ্রীলঙ্কা ষষ্ঠ স্থানে রয়েছে। - ক্রিকবাজ/বাসস
শ্রীলঙ্কার টেস্ট দল :
দ্বিমুথ করুনারত্নে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো পেরেরা, ওশাদা ফার্নান্দো, দানুসকা গুনাতিলকা, শেহান জয়সুরিয়া, চামিকা করুনারত্নে, দিলরুযান পেরেরা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ এম্বুলদেনিয়া, লক্ষ্মণ সান্দাকান, সুরঙ্গ লাকমাল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দো।
