টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই
স্পোর্টস রিপোর্টার
প্রশাসনিক রদবদলের জের ধরে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের আইসিসি সদস্যপদ এখন স্থগিত আছে। এর ফলে তারা আইসিসির আয়োজিত কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। আর এই জিম্বাবুয়ের বদলি হিসেবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে নাইজেরিয়া। আর মেয়েদের বাছাইপর্বে জিম্বাবুয়ের জায়গা নেবে নামিবিয়া।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান বাছাইপর্বে জিম্বাবুয়ে হয়েছিল চ্যাম্পিয়ন। তাদের পেছনে থেকে দ্বিতীয় হয়েছিল নামিবিয়া। জিম্বাবুয়ের বদলে তাই এই দলটিই উঠে এসেছে মূল বাছাইপর্বে। এখানে তারা স্বাগতিক স্কটল্যান্ড, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করবে। এই বাছাইপর্ব থেকে দুইটি দল আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য মূল টুর্নামেন্টে অংশ নেবে।
এদিকে অক্টোবরে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জিম্বাবুয়ের বদলে খেলবে নাইজেরিয়া। আফ্রিকার বাছাইপর্ব থেকে এর আগেই এই মূল বাছাইপর্বে জায়গা করে নিয়েছে কেনিয়া ও নামিবিয়া।
ছেলেদের এই বাছাইপর্বে খেলবে নাইজেরিয়া, আরব আমিরাত, হংকং, আয়ারল্যান্ড, জার্সি, কেনিয়া, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, সিঙ্গাপুর এবং আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব পার হয়ে আসা দুইটি দল। আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে এই মাসের শেষের দিকে। আরব আমিরাতের এই বাছাইপর্ব থেকে ৬টি দল আগামী বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে।
মূল টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে দুইটি রাউন্ড। সেখানে প্রথম রাউন্ডে এই বাছাইপর্ব পার হওয়া ৬ দলের সঙ্গে খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর পরের রাউন্ড মানে, সুপার-১২ পর্বে সরাসরি অংশ নেবে ২০১৮ সালের শেষে র্যাংকিংয়ের শীর্ষে থাকা ছয় দল।
