রয়টার্স
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন তাদের সর্বশেষ গাইডেড মিসাইল পরীক্ষা যুক্তরাষ্ট্রের জন্য একটি সতর্কতা।
এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু করেছে। দুই সপ্তাহের কম সময়ে চতুর্থবারের মতো মিসাইল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার অচলাবস্থার মধ্যেই এ মিসাইল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। কিম বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার ব্যাপারে এটি একটি শক্তিশালী বার্তা। উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চল থেকে এ নতুন ধরনের ট্যাকটিকেল গাইডেড মিসাইলটি রাজধানীর ওপর দিয়ে দেশের অপর প্রান্তে উত্তর উপকূলে লক্ষ্যস্থলে আঘাত হানে।
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা জানায়, পরীক্ষার মাধ্যমে মিসাইলটির নির্ভরযোগ্যতা, সক্ষমতা প্রমাণ হয়েছে। এটি উত্তর কোরিয়ার মিসাইল প্রযুক্তির ব্যাপারে আত্মবিশ্বাসকে তুলে ধরেছে। পরমাণু আলোচনার জন্য বাত্সরিক যৌথ সামরিক মহড়া বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। কিন্তু এ সপ্তাহে আবার যৌথ অনুশীলন শুরু করে দেশ দুটি।
কিম জং উন এ ধরনের অনুশীলনকে তার সরকারকে উত্খাতের প্রস্তুতি বলে বিবেচনা করে থাকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকে বলেন, উত্তর কোরিয়া এখনো একটি গভীর উদ্বেগের বিষয় হয়েই রয়েছে। দক্ষিণ কোরিয়ার
পুনঃএকত্রিকরণ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়ার উচিত এ ধরনের অস্ত্র পরীক্ষা বন্ধ করে পারস্পরিক আস্থা সৃষ্টি হয় সে ধরনের কাজ করা।
