বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক মিয়া (৩০) নামের এক রঙ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। দুপুর ১টার দিকে পৌর এলাকার পূর্ব মেড্ডায় এই ঘটনা ঘটে। মানিক মিয়া পৌর শহরের মধ্য মেড্ডা (বনানী পাড়া) এলাকার হাজি ইউনুছ মিয়ার ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, মানিক মিয়া গত ১০দিন যাবত কয়েকজন সহযোগী নিয়ে স্থানীয় মোশারফ মিয়ার বাড়িতে রঙের কাজ করছিলেন। বুধবার এই কাজ শেষ হওয়ার কথা ছিল। বুধবার দুপুরে মোশারফ মিয়ার আধাপাকা বাড়িতে রঙের কাজ করার সময় পাশে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবে রাঙ্গাবালীর জেলে নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা সদর হাসপাতাল মর্গে মরদেহ রাখা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/নূহু
