রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রায়পুর মসজিদের টাকা উত্তোলন নিয়ে দিনে হুমকির পর রাতে হাতুড়ি দিয়ে পিটিয়ে সৈয়দ আহম্মদ (৩০) নামের এক যুবককে খুন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের শিবপুর গ্রামের আমিরউদ্দিন ব্যাপারী বাড়ির সামনে। রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। নিহত সৈয়দ একই এলাকার মৃত শামছুল হকের ছেলে।
এ ঘটনায় নিহতের মা রিনা বেগম বাদী হয়ে বুধবার সকালে রায়পুর থানায় আব্দুল মালেক, তার ছেলে জাহেদ, খালেক ও একই এলাকার মো. বাহারকে আসামি করে হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ আব্দুল মালেককে আটক করে। নিহতের মা রিনা বেগম ও ছোটো ভাই সবুজসহ এলাকাবাসী জানায়, বাড়ির সামনে নতুন করে একটি মসজিদ নির্মাণের কাজ চলছে। মসজিদ নির্মাণের জন্য এলাকাবাসী সৈয়দকে মসজিদের সামনে টাকা উত্তোলনের দায়িত্ব দেয়। এতে সৈয়দ টাকা উত্তোলন করে মসজিদ ফান্ডে জমা দিয়ে আসছিলেন। কয়েকদিন ধরে সৈয়দের টাকা উত্তোলন না করতে নিষেধ করে আসছে একই এলাকার আব্দুল মালেকের ছেলে জাহেদ ও খালেক। কিন্তু সৈয়দ টাকা উত্তোলন বন্ধ না করায় মঙ্গলবার সকালে এর জের ধরে জাহেদ ও খালেকের সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে সৈয়দকে তাদের কথা না শুনলে দেখে নেওয়ার হুমকি দেয়। ঐদিন রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে মসজিদের সামনে দুর্বৃত্তরা সৈয়দকে পথরোধ করে হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে মাথায় গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত সৈয়দকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। আমরা এ হত্যার সঙ্গে জড়িত ঘাতকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাই।
রায়পুর থানার (ওসি) মোহাম্মদ তোতা মিয়া বলেন, নিহতের মা রিনা বেগম এ ঘটনায় চার জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এক আসামিকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং মামলাটি খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
