জয়পুরহাট প্রতিনিধি
একটি ভ্যানের জন্য খুন হতে হলো আব্দুর রহিম নামে এক নিরীহ ভ্যানচালককে। বুধবার সকালে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের হরিপুর ব্রিজ এলাকা থেকে গলায় ও পিঠে মারাত্মক জখম অবস্থায় আব্দুর রহিমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, পার্শ্ববর্তী ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ি বাজার এলাকার ভ্যানচালক আব্দুর রহিম (৫১) মঙ্গলবার বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে আর ফিরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। এ অবস্থায় বুধবার সকালে এলাকাবাসী হরিপুর ব্রিজ এলাকায় পড়ে থাকা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশ দেখে আব্দুর রহিমের বলে শনাক্ত করে। এরমধ্যে খবর আসে হরিপুরের পাশে গোপালপুর বাজারে একটি ভ্যানসহ দুই যুবককে আটক করেছে এলাকার লোকজন। দ্রুত খবর পেয়ে পুলিশ ঐ দুই যুবককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ভ্যানের জন্য আব্দুর রহিমকে খুন করার কথা পুলিশের নিকট স্বীকার করেছে বলে পুলিশ জানায়। আটক দুই জন হচ্ছেন, সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চকশ্যাম গ্রামের শফিকুল ইসলামের ছেলে জনি ইসলাম ও বুজরুকভারুনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে তরিকুল ইসলাম। এ খুনের ঘটনায় আরো জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান, ওসি সিদ্দিকুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল।
