খুলনা অফিস ও তেরখাদা সংবাদদাতা
খুলনায় নাঈম শেখ নামে এক যুবককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের পহেরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে নিহত নাঈম শেখের বাবা পিরু শেখ গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা ছিদ্র কেটে ঘরে ঢুকে ঘুমন্ত নাঈম শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় ছেলের চিত্কারে বারান্দায় ঘুমিয়ে থাকা বাবা পিরু শেখ এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে।
ছাগলাদাহ ইউনিয়নের চেয়ারম্যান এস এম দীন ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে পহেরডাঙ্গা গ্রামের প্রতিপক্ষ গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তার ধারণা।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেকুজ্জামান বলেন, বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রামে প্রভাব বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
