কাঁঠালবাড়ি ফেরিঘাটে পারের অপেক্ষায় ৬শতাধিক যানবাহন

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:৩৯

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে হঠাৎ ঝড়ো হাওয়া ও তীব্র স্রোত থাকায় মঙ্গলবার (৬আগস্ট) রাত ১২টা থেকে বুধবার (৭ আগস্ট) সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে বুধবার সকাল ৫টা ৩৫ মিনিট থেকে ১৮টি ফেরির মধ্যে ১১টি ফেরি দিয়ে পারাপার সচল রাখা হয়। দুপুর ১টার সময় হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হওয়ার কারণে আবারও এই নৌরুটে সম্পূর্ণ ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে।  

এদিকে সরেজমিনে বুধবার সকালে গিয়ে দেখা যায়, গত বারের চেয়ে এবারের ঈদ-উল আজাহায় প্রশাসনের  কঠোর নজরদারির কারণে স্থানীয় লাইন মেনের মাধ্যমে গরুর ট্রাকে চাঁদাবাজির বিষয়টি বন্ধ হয়েছে। তবে ঘাট এলাকায় পারের অপেক্ষায় ৬ শতাধিকেরও বেশি যানবাহন। কাঁচামাল, এ্যাম্বুলেন্স ও গরুর গাড়িকে অগ্রাধিকার ভিত্তিতে পার করায় পণ্যবাহী ট্রাকের পারের অপেক্ষায় দীর্ঘসারি। কোন কোন গাড়ি ৪দিন ধরে ঘাট এলাকায় অবস্থান করছে। 

বিআইডব্লিউটিসি”র কাঁঠালবাড়ির ইলিয়াছ আহম্মেদ চৌধুরী ফেরি ঘাটের ব্যাবস্থপক আ. ছালাম মিয়া বলেন, নদীতে স্রোত ও হঠাৎ ঝড়ো হাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখায় ঘাট এলাকায় ৬ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তবে বাতাস ও নদীর স্রোত কমলে ঘাট এলাকায় গাড়ির চাপ কমবে। 

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ঈদুল-আজাহা উপলক্ষে ঘাট এলাকায় কোন রকম অনিয়ম সহ্য করা হবে না। বিশেষ করে এই ঘাটটি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পিতা মরহুম ইলিয়াছ আহম্মেদ চৌধুরীর নামেই। তাই তাঁর নামের সম্মানের দিকে চেয়ে হলেও ঘাট এলাকায় কোন প্রকার চাঁদাবাজি বা অনিয়ম আমরা করতে দিবো না। ইতোমধ্যেই যাত্রী সেবা নিশ্চত করতে ঘাট এলাকায় পরিবহন মালিক ও স্থানীয় জনপ্রতিনিদের সঙ্গে আইন-শৃঙ্খলা সভা করেছি। এর পরে যদি কেউ  চাঁদাবাজি বা কোন প্রকার অনিয়মের সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধে আমরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব। 

ইত্তেফাক/এমআই