বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, আরও ২৪ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৯:২৬

দেশে তীব্র গরমের মধ্যেই চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে রাজশাহীতে। একই সঙ্গে রাজশাহী ও খুলনাসহ দেশের ২৪ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে আবহাওয়া অধিদপ্তর সূত্র এ তথ্য জানায়। সংস্থাটির আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রাজশাহীতে রেকর্ড করা দেশের সর্বোচ্চ তাপমাত্রা এদিন ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে সেটিকে তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। সেই হিসেবে রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলাসহ ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, দিনাজপুর, রাঙামাটি ও বান্দরবানসহ অন্তত ২৪ জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকায় আজ তাপপ্রবাহ বিরাজ করছে।

তথ্যমতে, যশোর ও সিরাজগঞ্জে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকাতেও তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক আরও  জানান, বৃহস্পতিবার তাপপ্রবাহের তীব্রতা না বাড়লেও পরবর্তী দিনে তা আরও বাড়তে পারে। এতে জনজীবনে ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।

 
ইত্তেফাক/এসএ