আন্তর্জাতিক হকিতে প্রথম জয় বাংলাদেশের মেয়েদের

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৫:৩৪

এশিয়ান গেমসের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করেছিল বাংলাদেশ নারী হকি দল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (২৪ এপ্রিল) উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে বাংলার মেয়েরা। হকির আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটাই বাংলাদেশের প্রথম জয়। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চায়নিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে হকির আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু হয় বাংলাদেশের মেয়েদের। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান। আগামী রোববার হংকং নারী দলের বিপক্ষে গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচ বাংলার মেয়েরা।

May be an image of football, American football and text that says "UZBEI STAN 1 sia WOME USIAN G QUALIF JAKART 2026"

‎ইন্দোনেশিয়ার জাকার্তায় জিবিকে হকি মাঠে ম্যাচের ১১ মিনিটে শারিকা সাফার পেনাল্টি কর্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে এক মিনিট পরই সমতায় ফেরে উজবেকিস্তান। ১-১ সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার।

‎দ্বিতীয় কোয়ার্টারে একের পর এক আক্রমণ করে বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত ২৪ মিনিটে কনা আক্তারের গোলে আবারও লিড নেয় বাংলাদেশ। এরপর তৃতীয় কোয়ার্টারের ৪০ মিনিটে আরেকবার পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। গোল করে সেই সুযোগও দারুণভাবে কাজে লাগান আইরিন আক্তার।

চতুর্থ কোয়ার্টারের ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ম্যাচে ফেরার আভাস দেয় উজবেকিস্তান। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী হকি দল।  

ইত্তেফাক/জেডএইচ