জেলায় অসহায় ডেঙ্গু রোগীদের সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশন। বুধবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন। মশক নিধন কর্মসূচির দ্বিতীয় দিনে সংগঠনটির সভাপতি মাসুদুল কামরুল হকের সভাপতিত্বে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেন, আমাদের সংগঠন জেলার আর্থিকভাবে অস্বচ্ছল সকল ডেঙ্গু রোগীর দায়িত্ব নিয়ে তাদের সুস্থ হওয়া পর্যন্ত পাশে থাকার অঙ্গীকার করেছে। আলোচনা সভাশেষে একটি শোভাযাত্রা জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় শহরের ছোটো বড়ো গলি এবং ড্রেনে ফগার মেশিন দিয়ে কীটনাশক ছড়িয়ে দেওয়া হয়, যাতে করে মশা বংশ বিস্তার করতে না পারে। এ সময় অন্যদের মাঝে ছিলেন দৈনিক টেলিগ্রামের সম্পাদক ও মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর শহিদুল ইসলাম সুজন, যুবলীগের দপ্তর সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবুল বাশার, জাগীর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
