গাজীপুরে একটি এটিএম বুথে ঢুকে নিরাপত্তাকর্মীকে খুন করে পালিয়ে গেছে এক দুর্বৃত্ত। গতকাল বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে নগরীর বোর্ডবাজারে এবি ব্যাংকের বুথে এ ঘটনা ঘটে। নিহতের নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার চর পূবাইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মিলিনিয়াম কর্টিজ সিকিউরিটি বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকরি করতেন এবং বোর্ডবাজারে এবি ব্যাংকের শাখায় এটিএম বুথে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, বুথে ঢুকে অজ্ঞাত পরিচয়ের এক দুর্বৃত্ত জাহাঙ্গীর আলমকে চাকু দিয়ে নাক, মুখ, গলা ও পেটে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। হত্যাকারীর পরনে লুঙ্গি ও মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। সকালে এক গ্রাহক বুথ থেকে টাকা তুলতে গিয়ে নিহতের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারী বুথ থেকে কোনো টাকা-পয়সা বা অন্য কোনো কিছু নিতে পারেনি। ব্যাংকের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে হত্যাকারীকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
