ঘোড়াশালে অস্ত্রের মুখে জিম্মি করে বিদ্যুৎ উপ-কেন্দ্রে লুট 

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৭:০২

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিদ্যুৎ উপ-কেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ লাখ টাকা মূল্যের তামার তার, ডিসকানেক্ট সুইসের বেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার লুট করে নিয়েছে একটি চক্র। 

রোববার (২৬ এপ্রিল) ভোরে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধিনস্থ পলাশ উপজেলার ঘোড়াশালের ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপ-কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। চলতি লাইন থেকে তার কেটে নেওয়ায় পশাল উপজেলার ভাগদী, রাজাবোসহ ৪টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ প্রতিবেদন লেখা পর্যন্ত (সাড়ে তিনটা) বন্ধ রয়েছে। 

নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেন সুমন জানান, রোববার ভোরে ভাগদী সাব-স্টেশনে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে ৫/৬ জনের একটি দুর্বৃত্ত দল মোটরসাইকেল যোগে এসে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইসের বেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে পলাশ উপজেলার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে তারা পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও পলাশ থানা পুলিশে খবর দেয়। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রুতই অপরাধীদের ধরার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। 

ইত্তেফাক/আরএইচ