বজ্রপাতে গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৯:১০

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও একজন। এছাড়া একটি গরুও মারা গেছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ হাসান চৌধুরী (২২), আল মোজাহিদ চৌধুরী ওরফে ছোটনের ছেলে রাফি চৌধুরী (১০) এবং একই গ্রামের নবীর হোসেনের ছেলে ও এসএসসি পরীক্ষার্থী মিজানুর রহমান (১৬)।

এর মধ্যে ফুয়াদ হাসান চৌধুরী ও রাফি চৌধুরী চাচাতো ভাই।

আহত হয়েছেন একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে শাহীন মিয়া (১৭)। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা সবাই সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর বাড়ির উঠানে বাঁশের টং এ বসে আড্ডা দিচ্ছিলো। এ সময় আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় বজ্রবৃষ্টি। তাৎক্ষণিক সবাই উঠানে গরু বেঁধে রাখার চালা ঘরে অবস্থান নেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনসহ একটি গরু মারা যায়। গুরুতর আহত হয় শাহীন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফুর বলেন, চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এরমধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।

ইত্তেফাক/এপি