ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৫:২০

ময়মনসিংহে মধ্যরাত থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, মাত্র ৯ ঘণ্টায় জেলায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, বুধবার রাত ১টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তিনি আরও জানান, দিনভর বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

অতিরিক্ত বৃষ্টির ফলে ময়মনসিংহ নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি।

এদিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে বোরো ধান ক্ষতির মুখে পড়েছে। মাঠ থেকে ধান ঘরে তুলতে পারছেন না কৃষকরা। শ্রমিক সংকটও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমানে শ্রমিক মজুরি বেড়ে ১২০০ থেকে ১৩০০ টাকায় পৌঁছালেও পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না, ফলে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

ইত্তেফাক/এমএএম