পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের অবৈধ চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন পার্বত্যবাসীর আয়োজনে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃহস্পতিবার এ সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের আগে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে সন্ত্রাস বিরোধী মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সচেতন পার্বত্যবাসীর আহ্বায়ক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও বাঙ্গালি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. হাবিবের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, ব্যবসায়ী নেতা হাজী জহির আহম্মদ, আনোয়ার মিয়া বানু, আব্দুর শুক্কুর, পৌর প্যানেল মেয়র জামাল উদ্দিন, পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু, বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি মো. জাহাঙ্গির আলমসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও পড়ুন: সাপাহারে তৎপর গরু চোরাকারবারিরা
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের অত্যাচারে ব্যবসায়ী ও পেশাজীবীসহ সাধারণ মানুষ অতিষ্ঠ। তারা পাহাড়ের আনাচে-কানাচে সাধারণ মানুষকে নিপীড়ন, নির্যাতন চালাচ্ছে, চাঁদাবাজি করছে। আর স্বার্থান্বেষী একটি মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে নানা ষড়যন্ত্র চালাচ্ছে।
পাহাড়ে যতদিন ষড়যন্ত্র আর সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হবে ততদিন এই আন্দোলন অব্যাহত থাকবে এবং তা আরও তীব্রতর করা হবে। ষড়যন্ত্রকারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
ইত্তেফাক/অনি
