সম্মাননা পেলেন বাংলাদেশ ও নেপালের ৩৭ আলোকচিত্রী, ইত্তেফাকের আলোকচিত্রী আব্দুল গনিও তালিকায়

আপডেট : ০২ মে ২০২৬, ১৯:৩১

রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে শুক্রবার (১ মে) অনুষ্ঠিত হয়েছে মর্যাদাপূর্ণ ‘ইম্পেরিয়াল ফটোজার্নালিস্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড-২৬’। আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ও নেপালের মোট ৩৭ জন আলোকচিত্রীকে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মানপ্রাপ্তদের মধ্যে দৈনিক ইত্তেফাক পত্রিকার আলোকচিত্রী আব্দুল গনিও রয়েছেন। 

এদিন সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

​অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, দেশের ফটোসাংবাদিকেরা আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করলেও দেশে তারা অনেক সময় প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত হন।

তিনি জানান, এ খাতের অবদানকে আনুষ্ঠানিক স্বীকৃতির আওতায় আনতে সরকার কাজ করছে। পাশাপাশি ফটোসাংবাদিকদের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক কাঠামো ও পেশাগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। দেশে আন্তর্জাতিক মানের আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজনেও সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, ক্যামেরা কেবল ছবি তোলার মাধ্যম নয়, এটি দারিদ্র্য, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী হাতিয়ার। ফটোসাংবাদিকতা বাস্তবতা তুলে ধরা, ইতিহাস সংরক্ষণ এবং সমাজে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ আয়োজনকে সৃজনশীল ও দায়িত্বশীল আলোকচিত্রীদের কাজের যথার্থ মূল্যায়ন হিসেবে উল্লেখ করেন।

ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনাল, গুলিস্তান, ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে একসঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন সম্মাননা পাওয়া বাংলাদেশ ও নেপালের পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রীরা। ছবি ইত্তেফাক

বাংলাদেশ থেকে সম্মাননা পাওয়া ৩৭ জনের মধ্যে দৈনিক ইত্তেফাক পত্রিকার আলোকচিত্রী আব্দুল গনিসহ অন্যান্য ফটোসাংবাদিকদের মধ্যে রয়েছেন- মোহাম্মদ পনির হোসেন, কে এম আসাদ, মুনির উজ জামান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সনি রামানি, ফিরোজ আহমেদ, রোহেত আলী, মঈনউদ্দিন আহমেদ, মামুনুর রশিদ, সাজিদ হোসেন, শুভ্র কান্তি দাস, দীপু মালাকার , মশিউর রহমান, মোশারফ হোসেন, মোহাম্মদ হাসান, হাবিবুর রহমান, জাহিদুল ইসলাম সজল, রাশেদ সুমন, মো. সৌরভ, শামছুল হক, এস এম নাসির, রিয়াজ আহমেদ, মনিরুল ইসলাম, মো. আল-আমিন, ইন্দ্রজিৎ কুমার ঘোষ ও শরীফ সারওয়ার।

নেপাল থেকে সম্মানিত আলোকচিত্রীদের মধ্যে রয়েছেন প্রদীপ রাজ ওনতা, লেখা বাহাদুর শ্রেষ্ঠ, ঘনশ্যাম শ্রেষ্ঠ, প্রবীণ কুলুং রাই, মুকুন্দ বাহাদুর কালিকোটে, হরিশ সিং নাগাল, অনুপ প্রধান, রাম শরণ মহারজান, প্রেম বাহাদুর থাপা ও উদভ কুমার শ্রেষ্ঠ।

এছাড়া ফটোসাংবাদিকতায় ৫৭ বছরের দীর্ঘ অবদানের জন্য রয়টার্সের আলোকচিত্রী রফিকুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্য নিউ নেশনের ব্যবস্থাপনা সম্পাদক আরশাদ হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

ইত্তেফাক/এএম