হাসপাতালে রোগীদের খবর নিলেন মাশরাফি

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৯:১৮

নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল পরিদর্শনকালে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীসহ অন্য রোগীদের খোঁজ খবর নেন। এ সময়  তিনি অতি জরুরি ভাবে শিশু ওয়ার্ডসহ হাসপাতালের বিকল যন্ত্রপাতি সচল করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। 

এ সময় মাশরাফি বলেন, বাংলাদেশে ডেঙ্গু নিয়ে ক্রাইসিস চলছে। এর প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে সদর হাসপাতালে ১৫ জন এবং লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জনসহ মোট ২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে নয়জন এবং লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ভর্তি হয়েছেন। গত ১৭ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ৪৭, লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ এবং কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনসহ মোট ৬২ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

আরও পড়ুন: থানায় গণধর্ষণের শিকার সেই নারীকে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ

এদিকে হাসপাতালে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে মাশরাফি চলমান খাবার পরিবেশনের টেন্ডার বাতিলের আদেশ দিয়ে নতুন টেন্ডার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন। অভিযোগ রয়েছে, লাখ টাকা খরচ করেও হাসপাতালে বেডশিটসহ অন্য কাপড়চোপড় পরিষ্কার হচ্ছে না। পরে নির্দিষ্ট ব্যক্তিকে দিয়ে হাসপাতালের কাপড় পরিষ্কার বন্ধ করে দুইজন ব্যক্তিকে নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে কাপড় পরিষ্কারের সুপারিশ করেন মাশরাফি। 

ইত্তেফাক/অনি