এপ্রিলে দেশে রেমিট্যান্স এলো ৩১৩ কোটি ডলার

আপডেট : ০৩ মে ২০২৬, ১৭:২৯

সদ্য বিদায়ী এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দৈনিক গড়ে ১০ কোটি ৪২ লাখ ডলারের সমান।

রোববার (৩ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, গত বছরের এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ২০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫০ শতাংশ বেশি।

এর আগে মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড গড়েছিল।

এছাড়া ফেব্রুয়ারি মাসে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

অন্যদিকে, গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।

ইত্তেফাক/এমএএম