নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কাঁদলেন ছাত্রদল নেতা

আপডেট : ০৩ মে ২০২৬, ১৮:৪৪

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছেন এক নেতা। তার এই আবেগঘন ভিডিও ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, ফেসবুক লাইভে এসে কান্না করা এই পদপ্রত্যাশীর নাম মো. জাহিদ। তার ছড়িয়ে পড়া ভিডিওটি ৯ মিনিট ২৪ সেকেন্ডের। কমিটিতে পদ না পাওয়ায় ভিডিওতে ক্ষোভ ঝাড়তে দেখা যায় তাকে।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। এবারও জেলা শাখার নতুন কমিটিতে শীর্ষ পদের একটি পাবেন এমনটি প্রত্যাশা ছিল তার। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। প্রায় ৯ মিনিটের ওই লাইভ ভিডিওতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজপথে থেকে দলের জন্য কাজ করলেও তাকে মূল্যায়ন করা হয়নি। তিনি অভিযোগ করেন, নতুন কমিটিতে প্রকৃত কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।

লাইভে জাহিদ দলের নেতাদের উদ্দেশে বলেন,  ‘জেলা ছাত্রদলের রাজনীতিতে যে কালো অধ্যায় রচনা করেছেন, কী করে ভুলব।...আজ জাহিদকে আপনারা ভুলে গেছেন।’

পরে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। রাজপথে থেকেছি, দলের জন্য সময়-শ্রম দিয়েছি। কিন্তু নতুন কমিটিতে আমাকে কোনো স্থান দেওয়া হয়নি। এতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। আমি জানি না, আমার অপরাধ কী ছিল। যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে বঞ্চিত করা হয়েছে।’

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০১৮ সালে।

ইত্তেফাক/এসজেএস