রাজশাহীতে বাবা-চাচাকে গাছের সঙ্গে বেঁধে রেখে নাটোরের গরু ব্যবসায়ী জরিপ মৃধাকে (৩৫) হাতুড়ির আঘাতে হত্যা করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত গভীর রাতের এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত জরিপ মৃধার বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার মহিষপাড়া গ্রামে।
নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, রাজশাহী সিটি হাটে বুধবার রাতে গরু বিক্রি শেষে একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন নাটোরের সিংড়ার জরিপ মৃধা ও তার বাবা এবং চাচা। পথিমধ্যে ট্রাকটি নগরীর কুখন্ডী এলাকায় পৌঁছালে গতিরোধ করে অজ্ঞাত তিন ব্যক্তি ট্রাকে ওঠে। তারা কথাবার্তার এক পর্যায়ে চালককে ট্রাক থেকে নামিয়ে নেয়। পরে ধারালো অস্ত্রের মুখে রাস্তার পাশে ওই ব্যবসায়ীর বাবা এবং চাচাকে বেঁধে রাখে। এ সময় ব্যবসায়ী জরিপ টাকা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে গরু বিক্রির টাকা নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরে টহল পুলিশের একটি দল সেখানে পৌঁছে থানায় খবর দেয়। থানা থেকে পুলিশের আরেকটি দল সেখানে গিয়ে নিহতের মরদেহ এবং তার বাবা ও চাচাকে উদ্ধার করে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে কালভার্ট ধ্বসে যাওয়ায় যান চলাচল বন্ধ
ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে তাদের বহন করার ট্রাকের চালক ও হেলপার এ খুনের সঙ্গে জড়িত। নিহতের বাবা ও চাচার দেওয়া তথ্য অনুযায়ী ট্রাকের চালক ও হেল্পারকে চিহ্নিত করার চেষ্টা চলছে। তাদের আটক করা গেলে পুরো চক্রকে খুব সহজে আটক করা সম্ভব হবে।'
ইত্তেফাক/নূহু
