ফরিদপুর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

আপডেট : ০৪ মে ২০২৬, ২০:৩০

ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ থেকে ২৫টি বাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।

সোমবার (৪ মে) দুপুরে উপজেলার মিরের গট্টি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান বিরোধের জেরে গত রোববার দুপুরে নুরু মাতুব্বরের সমর্থক আনোয়ার শেখকে (৩০) পিটিয়ে আহত করে জাহিদের সমর্থকরা। খবর পেয়ে এ ঘটনার কিছু সময় পর জাহিদের সমর্থক রেজাউলকে মারধর করে নুরু মাতুব্বরের সমর্থকরা। এরপর থেকে দুপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সোমবার সকালে মিরের গট্টি এলাকায় নুরু মাতুব্বরের ছেলে রাজিব মাতুব্বরকে (৩২) কুপিয়ে আহত করে জাহিদের সমর্থকরা।

পরে নুরু মাতুব্বর সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাহিদের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে অন্তত ২০ থেকে ২৫টি বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষ এর আগেও কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে। রোববার সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পুলিশি প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি