সিলেটে হাম উপসর্গে ৫ ঘণ্টায় ‍তিন শিশুর মৃত্যু

আপডেট : ০৮ মে ২০২৬, ১৩:৩০

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন তিন শিশুর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৮ মে) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাঠানো এক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার মধ্যে পাঁচ ঘণ্টার ব্যবধানে ছয় থেকে আট মাস বয়সি তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারানো শিশুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ জনে।

মারা যাওয়া শিশুরা হলো- সিলেট নগরের আখালিয়া এলাকার আবদুল মুমিনের আট মাস বয়সি ছেলে মাহদী হাসান, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার জাকারিয়ার সাত মাস বয়সি মেয়ে শিশু জারা এবং শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের সুনু মিয়ার ছয় মাস বয়সি ছেলে মুস্তাকিম।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান বলেন, মারা যাওয়া তিন শিশুই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের বয়স ছয়মাস থেকে ১ বছর।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় একজনের হাম শনাক্ত হয়েছে। একই সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪১ জন ভর্তি রয়েছেন।

 

ইত্তেফাক/ আরএইচ