লক্ষ্মীপুর বাস টার্মিনাল বেহাল

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২১:৩৯

লক্ষ্মীপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সংস্কার কাজ দীর্ঘদিন না করায় বড়ো বড়ো গর্ত হয়ে এখন কাদা আর পানিতে ভরে গেছে পুরো টার্মিনাল এলাকা। ফলে বাসচালক ও যাত্রীসাধারণের দুর্ভোগের শেষ নেই। প্রতিদিন তাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন এ অবস্থা চলে আসলেও চলতি বর্ষা মৌসুমে চরম বেহাল অবস্থায় পৌঁছেছে টার্মিনালটি।

লক্ষ্মীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটের বাসসহ ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, ভোলা, বরিশাল, বগুড়া, ফেনী, কুমিল্লা ও চাঁদপুরসহ বিভিন্ন জেলার বাস চলাচল করে। কিন্তু বাস টার্মিনালের বেহাল অবস্থার কারণে বাসচালকরা গাড়ি নিয়ে টার্মিনাল এলাকায় দাঁড়াতে পারছেন না। যাত্রীরাও কাদার কারণে গাড়িতে উঠতে পারছেন না। ফলে এসব গাড়ি প্রধান সড়কের ওপর দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করা হচ্ছে। এতে প্রতিনিয়ত ঘটছে ছোটো বড়ো দুর্ঘটনা।

বাসচালক মো. আলাউদ্দিন জানান, দীর্ঘদিন বাস টার্মিনালের সংস্কার কাজ না করায় এখন টার্মিনাল এলাকায় বড়ো বড়ো গর্ত হয়ে বাস রাখার অনুপযোগী হয়ে পড়েছে। বাস টার্মিনাল এলাকায় বর্তমানে বাস দাঁড় করানো ও যাত্রীদের ওঠানামার মতো অবস্থায় নেই। এতে আমাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। যাত্রীরা টার্মিনাল এলাকায় না আসতে পারায় আমাদেরকে সড়কের ওপরে বাস রাখতে হচ্ছে। 

বাস কাউন্টারের টিকিট বিক্রেতা কাউছার হোসেন জানান, টার্মিনালে কাদা পানি ও গর্তের কারণে যাত্রীরা এখানে আসতে চায় না। তাই প্রধান সড়কে বাস রেখে যাত্রী ওঠানো নামানোর কাজ করতে হয়। প্রধান সড়কে যাত্রী ওঠানো নামানোর কাজ করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

যাত্রী রেজাউল হক, জামাল উদ্দিন ও ফাতেমা বেগম জানান, বাস টার্মিনালের সংস্কার কাজ না করায় বর্ষায় কাদা ও গ্রীষ্মে ধুলার মধ্যে চরম ভোগান্তিতে আমাদের চলাচল করতে হচ্ছে। দ্রুত টার্মিনালের সংস্কার কাজ করার দাবি জানান তারা।

লক্ষ্মীপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নুর নবী চৌধুরী জানান, বাস টার্মিনাল সংস্কারের জন্য সংশ্লিষ্টদের কাছে বহুবার আবেদন জানানো হয়েছে। কিন্তু তারপরেও সংস্কার কাজ করা হচ্ছে না।

লক্ষ্মীপুর পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন জানান, আশা করি খুব শিগগিরই টার্মিনালের নির্মাণ কাজ শুরু করা হবে। নির্মাণ কাজ শুরু হলে বাসচালক ও যাত্রীসাধারণের আর দুর্ভোগ থাকবে না।