হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর

আপডেট : ০৮ মে ২০২৬, ১৮:২৬

চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা এখানে প্রস্তুত করা হয়েছে, সেটি গ্রহণযোগ্য হয়নি বলে জানিয়েছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

শুক্রবার (৮ মে) বিকেলে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নূরানীপুর গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, বিএনপি ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা করা হয়েছিল। তবে সেই তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশাপাশি অপ্রয়োজনীয় অনেক নামও এসেছে। তাই সেটি গ্রহণযোগ্য হয়নি। নতুন করে যাচাই-বাছাই করে তালিকা প্রণয়ন করা হবে। যারা বাস্তবিক অর্থে ক্ষতির শিকার হয়েছেন এবং সহায়তা পাওয়ার যৌক্তিকতা রাখেন, তাদেরই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, ঈদের আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

হাওরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বাবর বলেন, ‘আমরা বিচ্ছিন্নভাবে উন্নয়ন চাই না। হাওরের বাস্তবতা বিবেচনায় পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন চাই।’

ইত্তেফাক/এমএসআর