কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই নিশ্চিতকরণে গৃহীত কর্মসূচি নগরবাসীকে অবহিতকরণের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন করেছেন কুসিক মেয়র মো. মনিরুল হক সাক্কু।
বৃহস্পতিবার কুসিক ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মেয়র বলেন, নগরীর ২৭টি ওয়ার্ডের ১৯১টি স্পটে (স্থান) কোরবানির পশু জবাই হবে। এজন্য ওয়ার্ডভিত্তিক স্থানের তালিকা করে সংশ্লিষ্ট কাউন্সিলরদের কাছে দেওয়া হয়েছে এবং ঐ তালিকা সংবলিত লিফলেট নগরবাসীকে বিতরণসহ প্রতিটি এলাকায় ব্যানার, মাইকিং ও নানাভাবে ব্যাপক প্রচার-প্রচারণা অব্যাহত রাখা হয়েছে। এছাড়া কোরবানির বর্জ্য স্বাস্থ্যসম্মতভাবে অপসারণের জন্য নগরবাসীর কাছে ১৫ হাজার ব্যাগ বিতরণের কাজ চলছে। ৩২টি ট্রাকের মাধ্যমে পশু বর্জ্য অপসারণের জন্য ২৯৮ জন শ্রমিক নিয়োজিত থাকবে।
তিনি বলেন, ডেঙ্গু সচেতনতার জন্য নগরীর বিভিন্ন এলাকার পাশাপাশি প্রতিটি পশুর হাটেও মশকমুক্ত কার্যক্রম চলছে এবং এসব হাটে ডেঙ্গু হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এসব বিষয়ে সতর্কতার জন্য মোবাইল ফোনে এসএমএস প্রেরণসহ বাড়ি বাড়ি স্লিপ প্রদানের মতো ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভুঁইয়াসহ অন্যান্য কর্মকর্তা ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
