বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২২:২৬

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের (চতুর্দেশীয়) আমদানি-রপ্তানি বাণিজ্য ১০ দিন বন্ধ থাকবে। ঈদুল আজহা উপলক্ষ্যে আজ শুক্রবার থেকে আগামী ১৮ আগস্ট পর্যন্ত সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৯ আগস্ট থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে এসময় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মানুষ পারাপারের কার্যক্রম (ইমিগ্রেশন চেকপোস্ট) স্বাভাবিক থাকবে। পঞ্চগড়ের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড, ইজারাদার প্রতিষ্ঠান এটিআই লিমিটেড, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও শ্রমিক সংগঠনগুলোর যৌথসভায় ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেহেদি হাসান খান বাবলা জানান, ঈদের কারণে আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়টি ভারতের নর্থবেঙ্গল এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন, ভুটান এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন ও নেপাল এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনকে লিখিতভাবে জানানো হয়েছে।