এখন একটাই কাজ প্রাণঘাতী ডেঙ্গু নির্মূল করা :প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২২:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গু প্রতিরোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলেছেন, এখন একটাই কাজ প্রাণঘাতী ডেঙ্গু নির্মূল করা। বাসাবাড়ি, অফিস-আদালত, দোকানপাট সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশার বংশবিস্তার ধ্বংসে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক কাজ করার নির্দেশ দেন। একই সঙ্গে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আরো জোরদার করতে হবে, বাংলাদেশকে জাগাতে হবে। 

গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে গণভবনে উপস্থিত নেতাদের উদ্দেশে তিনি এ কথা বলেন। দলীয় একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী গণভবনে পৌঁছলে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী জানতে চান, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার কী কাজ?  একই সঙ্গে বন্যার্ত মানুষের সহায়তায় কাজ করারও নির্দেশনা দেন তিনি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী এবং বন্যার্তদের পাশে ২৪ ঘণ্টা থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। এদিকে শরীরে জ্বরসহ সন্দেহজনক উপসর্গ থাকলে রক্ত পরীক্ষা করে নিশ্চিত হয়ে ঢাকা ছাড়তে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডনে যান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, সালমান এফ রহমান, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রমুখ। একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিববৃন্দ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গণভবনে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

ডেঙ্গু প্রতিরোধে ‘ডোর-টু-ডোর’ কর্মসূচির নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দলসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের পাড়া-মহল্লায় গিয়ে ‘ডোর-টু ডোর’ কাজ করার নির্দেশ দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, গণভবনে পৌঁছে উপস্থিত নেতাদের প্রধানমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটাকে আমাদের চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। আমরা সরকারের পাশাপাশি আওয়ামী লীগ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। দলীয়ভাবে এই পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে হবে। আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। ডেঙ্গু নির্মূলে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। প্রয়োজনে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একটা মহল বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করার ষড়যন্ত্র করছে। মানুষকে বোঝাতে হবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটার প্রাদুর্ভাব বা প্রকোপ দেখা দিয়েছে। তাই এটাকে আমাদের শক্ত হাতে মোকাবিলা করতে হবে।’