ভারতরত্ন পুরস্কার নিলেন প্রণব মুখার্জি

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২২:৫০

ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কার গ্রহণ করেছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন গায়ক ভুপেন হাজারিকা এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা নানাজি দেশমুখ। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ শীর্ষ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। ২০১৭ সালে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হয় প্রণব মুখার্জির। অন্যান্য ভারতরত্ন পুরস্কার পাওয়া রাষ্ট্রপতির মধ্যে রয়েছেন ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন, রাজেন্দ্র প্রসাদ, জাকির হুসেন এবং ভিভি গিরি।

প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে কংগ্রেসের হয়ে কাজ করেছেন প্রণব মুখার্জি। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পিভি নরসিমা রাও এবং মনমোহন সিং-এর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। গান্ধী পরিবারের সঙ্গে তার সুসম্পর্ক এবং সমস্ত দলকে নিয়ে চলার পাশাপাশি বিরোধীদের রাজি করানোর দক্ষতা তাকে সর্বজনগ্রাহ্য নেতা করে তোলে। মনমোহন সিং মন্ত্রিসভার মধ্যে তাকেই সবচেয়ে বেশি ক্ষুরধার, বিচক্ষণ এবং ভারতের রাজনীতি, অর্থনীতি ও বিভিন্ন কৌশল সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী বলে মনে করা হতো প্রণব মুখার্জিকে। রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক শোভনীয়তা বজায় রেখে চলেছেন তিনি, তবে বিভিন্ন বিষয়ে তুলে ধরেছেন তার নিজস্ব মতবাদ।

প্রধানমন্ত্রীর আসনে বসে তাকে ‘মেন্টর’ বলে অভিহিত করেছিলেন নরেন্দ্র মোদি। দুই জনের মধ্যে ছিল আন্তরিক সম্পর্ক। প্রণব মুখার্জির অবসরের পর, একে-অপরের ভূয়সী প্রশংসা করেছেন। প্রণব মুখার্জি ভারতরত্ন পাওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়ে টুইটে প্রধানমন্ত্রী মোদি লেখেন, আমাদের সময়ের মধ্যে একজন অসাধারণ ব্যক্তি প্রণব মুখার্জি। কয়েক দশক ধরে মানুষের জন্য নিঃস্বার্থে এবং অক্লান্তভাবে কাজ করেছেন তিনি। দেশের উন্নয়নে তার কাজের ছাপ রেখে গিয়েছেন। তার জ্ঞান এবং বুদ্ধি এক অন্য ধারার। তিনি ভারতরত্ন পাওয়ায় আনন্দিত।

প্রণব মুখার্জি ভারতের অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদ যেমন সামলেছেন, তেমনই যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের পদেও ছিলেন।