নমিনেশন পেলেন তিনি
এবার শুরু খেল
পরিপাটি পোশাক পরেন
মাথায় দিয়ে জেল।
ভোট চাহিবেন ঘুরে ঘুরে
হেসে হেসে সুরে সুরে,
কিন্তু মশাই বলছি শোনেন
ন্যাড়া চেনে বেল
আমার ভোটটা আমিই দেব—
যতই মারো তেল।
মশা মারতে কামান এনে
জুতা করবেন ক্ষয়
নানারকম গল্প ফেঁদে
ছয় করবেন নয়।
পেতেই হবে জয়পতাকা
ঢালো পয়সা, ঢালো টাকা,
কিন্তু এখন বদলেছে দিন
পেতে সহজ জয়;
আমার ভোট আমিই দেব—
নাই দ্বিধা সংশয়।
