রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত চার

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০০:২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এক বাড়িতে হামলা চালিয়ে অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চার জনকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তারাব পৌরসভার কাহিনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গৃহকর্ত্রী আহত মোছলেমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মোছলেমা বেগম জানান, একই এলাকার সোহেল মিয়া, জুয়েল মিয়া ও উজ্জল মিয়ার সঙ্গে তাদের বাড়ির সীমানা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে প্রতিপক্ষ সোহেল মিয়া, জুয়েল মিয়া, উজ্জল মিয়া, তারা মিয়া, ছাওমিয়া, মিজান মিয়া, মনু, আনু, রাসেল, ইব্রাহিম, মোখলেছসহ ১০/১২ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোছলেমা বেগমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর শুরু করেন। এ সময় মোছলেমা বেগম, ছেলে জসিম ও শামীম বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাদের লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে মোছলেমা বেগমের ছেলের বউ অন্তঃসত্ত্বা মাছুমা বেগম এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও পিটিয়ে জখম করে। এ সময় তাদের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদের হুমকি ধমকি দিয়ে চলে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ব্যবসায়ীর বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন বাবুল মিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার প্রতিবাদ করায় ব্যবসায়ীর বৃদ্ধ পিতাকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বুধবার রাতে উপজেলার ডহরগাঁও এলাকায় ঘটে এ ঘটনা।