মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০০:৫০

রাজধানীতে গতকাল বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টিপাতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অলিগলির পাশাপাশি প্রধান সড়কেও জমে বৃষ্টির পানি। এতে সমস্যায় পড়ে যায় রাজধানীবাসী। হঠাত্ ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনের দায়িত্বে থাকা খোদ ‘ঢাকা ওয়াসা’ই পানিবন্দি হয়ে পড়ে। সরকারি এ সংস্থাটির সামনে গতকাল পানি থইথই করছিল। যাত্রাবাড়ী কাঁচাবাজারে সবজি পানিতে ভেসে গিয়ে বিপাকে পড়ে যান ব্যবসায়ীরা।

শান্তিনগর চামেলীবাগেও ছিল হাঁটুপানি। জলাবদ্ধতার কারণে একরকম গৃহবন্দি হয়ে পড়ে বাসিন্দারা। জরুরি কোনো কাজ ছাড়া কেউ বাইরে বের হচ্ছিল না।

অন্যদিকে, খিলগাঁও থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত ফুটপাতের ওপরেও জমে যায় পানি। পথচারীরা ফুটপাতের পরিবর্তে প্রধান সড়ক দিয়েই চলাচল করছিল। এখানে অনেক সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়।

মিরপুর-১০, ভাষানটেক, কালশী, মিরপুর-১২, কাজীপাড়া ও শেওড়াপাড়াতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে মিরপুর ১ নম্বর থেকে ছেড়ে আসা যানবাহনগুলো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম হয়ে উত্তরা ও বনশ্রী রুট দিয়ে চলাচল করছিল। প্রবল বর্ষণের ফলে সিদ্ধেশ্বরী, নয়াপল্টন, মতিঝিল, আরামবাগ, গুলিস্তান, বঙ্গবাজার, কারওয়ান বাজার, ধানমন্ডি ২৭ নম্বর এলাকাতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়।

ু