ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা সেবন মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি মরন মিয়া (৪০) মারা গেছেন।
সোমবার (১৮ মে) সকালে জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে। গত ৯ মে ইয়াবা সেবন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে মরন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আসেন।
হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, সোমবার সকালে কারাগারে নাস্তা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মরন মিয়া। এ সময় কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার জানান, গত ৯ মে ইয়াবা সেবন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে মরন মিয়া কারাগারে আসেন। সোমবার সকালে অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
