কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আদর দাশ (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার চিরিঙ্গা মাতামুহুরী ব্রিজ পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহত আদর দাশ চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী খোদারকুম হিন্দুপাড়ার বাসিন্দা প্রবাসী প্রদীপ দাশের ছেলে। সে চকরিয়া কোরক বিদ্যাপিঠের ৭ম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের আত্মীয় রনজিত দাশ জানান, সোমবার দুপুরে আদর দাশ এলাকার কয়েকজন সহপাঠীর সঙ্গে মাতামুহুরীর নদীতে গোসল করতে যান। এসময় নদীর অবৈধ বালু উত্তোলনের ফলে সৃষ্ট চোরাবালিতে ডুবে যান। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, মাতামুহুরী নদীতে ডুবে আদর দাশ নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

