কানাডায় হুয়াইওর শীর্ষ কর্মকর্তা গ্রেফতার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:৫২

চীনের বৃহত্ মোবাইল ফোন কোম্পানি হুয়াইওর শীর্ষ কর্মকর্তা ও এর প্রতিষ্ঠাতার মেয়ে মেং ওয়ানঝৌয়েলকে কানাডায় গ্রেফতার করা হয়েছে। তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধের উত্তেজনা কমানোর ঘোষণার মাত্র কয়েকদিনের মধ্যে এ ঘটনা ঘটল। খবর এএফপির।

ইরানের সঙ্গে হুয়াইওর সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে মার্কিন কর্তৃপক্ষ একটি তদন্ত শুরু করেছে। এই তদন্তের অংশ হিসাবে হুয়াইওর প্রধান ফাইন্যান্সিয়াল অফিসার মেংকে আটক করা হলো। তাকে আটকের খবরে সাংহাই ও হংকংয়ের শেয়ার বাজারে দরপতন ঘটেছে। এদিকে কানাডায় চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চীন এই ঘটনার তীব্র বিরোধিতা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের পদক্ষেপ আটককৃতের মানবিক অধিকারের গুরুতর লংঘন।’ হুয়াইও এক বিবৃতিতে জানায়, ‘হুয়াইও কোম্পানি জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি নিয়ন্ত্রণ ও অবরোধ আইনসহ সকল বিদ্যমান আইন মেনেই ব্যবসা পরিচালনা করে।’